সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিআরটিএর কোনো কর্মকর্তার জরুরি বদলিতে রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিআরটিএর প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বিআরটিএতে কোনো কর্মকর্তার জরুরি বদলির প্রয়োজন হলে তা নিয়মের মধ্যে করা হবে। তবে এ নিয়ে কোনো রাজনৈতিক তদবির কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।
সড়কে শৃঙ্খলা না এলে যতই উন্নয়ন হোক তাতে কোনো লাভ হবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই যেকোনো মূল্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি বিআরটিএ থেকে যেকোনো মূল্যে দালালের দৌরাত্ম্য দূর করার নির্দেশ দেন। আগামী চার মাসের মধ্যে অপেক্ষমাণ গ্রাহকদের লাইসেন্স প্রদান শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এ সময় বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।